বান্দরবানে বালুবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা হেলপার আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শহরের আমতলী লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ডাম্পার ট্রাক বান্দরবান শহরের দিকে যাচ্ছিল। পথে আমতলী লালব্রিজ এলাকার ঢালু সড়ক দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় ট্রাকে থাকা হেলপারও আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বালুবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএইচএ
