ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে সামি বেপারী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কৈডুবি সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সামি বেপারী কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা আতিকুর বেপারীর ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন সবুজ ব্যাপারী, মনির ব্যাপারী, আরাফাত হোসেন, শাবানা বেগম, আতিয়ার ব্যাপারী প্রমুখ।
নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৈডুবি সদরদী মহল্লায় নিজ বাড়িতে ২০২৪ সালে ‘হযরত ফাতিমাতুয যাহোরা মহিলা মাদরাসা’ প্রতিষ্ঠা করেন মাওলানা মো. মনিরুজ্জামান বেপারি (৩৬)। এ মাদরাসার শিক্ষার্থীদের প্রায়ই উত্ত্যক্ত করে আসছে প্রতিবেশী বসার মাতুব্বরের ছেলে জিসান মাতুব্বর (১৩)। সোমবার দুপুর ১২টার দিকে জিসান মাতুব্বর মাদরাসার সামনে দিয়ে ঘোরাফেরা করে ও মাদরাসার টিনের প্রাচীরে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনার প্রতিবাদ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মনিরুজ্জামান বেপারি। এ সময় মনিরুজ্জামান বেপারি ও জিসান মাতুব্বরের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি জিসান তার বাড়িতে গিয়ে জানায়।
এরপর মাতুব্বর গোষ্ঠীর ২৫-৩০ জন লোক লাঠিসোঁটা নিয়ে মনিরুজ্জামান বেপারির বাড়ির সামনে এসে গালিগালাজ করে। এরপর দুপক্ষের মধ্যে আধা ঘণ্টার মতো সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। গুরুতর আহত সামি বেপারিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে সামি বেপারি মারা যায়।
প্রসঙ্গত, সামি বেপারি মাদরাসার প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান বেপারির চাচাতো ভাইয়ের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, মাদরাসার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে আজ দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোবাশ্বিরা ইয়াসমিন বলেন, সংঘর্ষে গুরুতর আহত সামি বেপারি নামের এক ব্যক্তি মারা গিয়েছে। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জহির হোসেন/এসএইচএ
