বিজ্ঞাপন

কুড়িগ্রামে জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত

কুড়িগ্রামে জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের পুত্র।

পুলিশ সূত্র জানায়, ৮ শতক জমি নিয়ে ওই এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হয়। তবে বিরোধপূর্ণ জমির দাবি নিয়ে দুপক্ষ অনড় ছিল।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তার স্বজনেরা সেখানে গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিবাদমান দুই পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মমিনুল ইসলাম বাবু/এসএইচএ