বিজ্ঞাপন

মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা ও সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন- ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। ওই খামারের মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনার পরদিন ৮ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম জানান, এইটা ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কিছু না। স্থানীয় লোকজন গন্ডগোল করেছে। মামলা দিয়ে জটিলতা তৈরি হয়েছে। আদালত হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত সুমন/আরএআর