সাভারে প্রায় ১০-১২ ফুট উঁচু এক ইটের প্রাচীর মই বেয়ে বাড়িতে চলাচলকারী সেই বৃদ্ধের পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রাস্তা বের করে দেওয়া হচ্ছে। এরআগে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই কর্মকর্তার নজরে আসে বিষয়টি।
সোমবার (১০ আগস্ট) রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বসত বাড়ি পরিদর্শন করেন এই কর্মকর্তা।
এসময় ইউএনও সাইফুল ইসলাম জানান, গতকাল থেকে গণমাধ্যমে আনিসুর রহমান অন্য বাড়ি ছাদ দিয়ে চালাচল করে বলে জানতে পারি। এরপর খোঁজ খবর নিয়েছি এবং তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বাড়িতে এসেছি। এসময় আনিসুর রহমানের প্রতিবেশী যারা রয়েছে তারা উপস্থিত ছিলেন। আমরা পরিদর্শন করে দেখেছি আনিসুর রহমানের চলাচলের রাস্তা নেই। তার প্রতিবেশীরা চলাচলের জন্য আপতত দেওয়াল ভেঙে রাস্তা করে দিবে। দেওয়াল ভাঙার কাজ আগামীকাল থেকে শুরু হবে।
তিনি আরও বলেন, তবে আনিসুর রহমানের মামলা রয়েছে, তা বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এছাড়া আরও একটি উচ্ছেদ মামলা রয়েছে। সেটাও আদালতের সিদ্ধন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ
