বিজ্ঞাপন

প্রসূতি সেজে হাসপাতাল থেকে শিশু নিয়ে পালানোর অভিযোগে দম্পতি আটক

প্রসূতি সেজে হাসপাতাল থেকে শিশু নিয়ে পালানোর অভিযোগে দম্পতি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাসপাতাল থেকে নবজাতক নিয়ে পালানোর সময় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নারী প্রসূতি সেজে তার স্বামীসহ সদ্য জন্ম নেওয়া এক পুত্রশিশু চুরি করে পালানোর চেষ্টা করেছিলেন।

সোমবার (১০ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 
এদিন বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী বেগম। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে সন্তান প্রসবের জন্য উপজেলার সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে ভর্তি হন। পরে দুপুরের দিকে তিনি একটি ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন। প্রসবের পরপরই শিশুটির দাদি জয়গুন বেওয়া হাসপাতালের অপারেশন কক্ষের বাইরে পায়চারি করছিলেন। এ সময় পাশের বেড থেকে এসে শেফালী নামের এক নারী তার কাছ থেকে শিশুটিকে কোলে নেন এবং বেশ কিছু সময় ধরে শিশুটিকে কোলে নিয়ে রাখেন।

এরই মাঝে নবজাতকের দাদি জয়গুন বেওয়া চিকিৎসকের কাছে গেলে এই সুযোগে শেফালী বেগম ও তার স্বামী নবজাতক শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর জয়গুন বেওয়া ফিরে এসে ওই নারীকে শিশুসহ দ্রুত নিচে নামতে দেখেন। এ সময় তার চিৎকারে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন এবং তাদের সহায়তায় ওই নারী ও তার স্বামী সিরাজুলকে আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, শিশু চুরির অভিযোগে তাদের আটক করে থানায় আনা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম বিল্লাহ/এমএসএ