বিজ্ঞাপন

হালতিবিলে নৌকাডুবি, বাবা বেঁচে ফিরলেও প্রাণ গেল ছেলের

হালতিবিলে নৌকাডুবি, বাবা বেঁচে ফিরলেও প্রাণ গেল ছেলের

নাটোরের নলডাঙ্গায় হালতিবিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা জীবিত বেঁচে ফিরলেও সঙ্গে থাকা ছেলের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খাজুরা ইউনিয়নের বামুনগ্রাম-সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

নিহত ছেলের নাম শহিদুল ইসলাম সদু (৩২)। জীবিত উদ্ধার হওয়া বাবার নাম হাবিবুর রহমান (৬০)। তারা খাজুরা ইউনিয়নের বামুনগ্রামের বাসিন্দা এবং পেশায় মৎস্যজীবী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোরে বাবা-ছেলে মিলে তারা বাড়ির পাশের হালতিবিলে মাছ ধরতে যান। সকালের দিকে হঠাৎ ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ে তাদের ছোট মাছ ধরার নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় বাবা-ছেলে উভয়েই পানিতে পড়ে যান এবং জীবন বাঁচাতে চিৎকার করতে থাকেন।

তাদের চিৎকার শুনে আশপাশের বিলের অন্য জেলেরা ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় বাবা হাবিবুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ছেলে শহিদুল ইসলাম পানিতে ডুবে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ এবং স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আশিকুর রহমান/এএমকে