রংপুরে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইন জুয়া খেলায় ওয়াজেদ আলী রজব (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে জুয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে সোমবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হারাগাছ থানাধীন চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওয়াজেদ আলী রজব আটক হয়।
হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গ্রেপ্তার ওয়াজেদ আলী রজব চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে ও রমনী বেকারির মালিক। সোমবার রাতে ডিবি পুলিশের একটি টিম চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজবকে আটক করে। তার কাছ থেকে অনলাইনে জুয়া খেলার ভিভো ব্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলে অনলাইনে জুয়া খেলায় বিভিন্ন ব্রাউজার রয়েছে।
হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে, গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রজব বেকারি ব্যবসার পাশাপাশি এলাকায় মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ।
চাঁন্দকুঠি সৎবাজার এলাকার বাসিন্দা রাশেদুলসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়াজেদ আলী রজব এলাকায় বেকারি ব্যবসার পাশাপাশি মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসায়ী হিসেবে পরিচিত। রজবের মাধ্যমে এলাকার অনেক যুবক ও ব্যবসায়ী টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলে আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
