বিজ্ঞাপন

বিদ্যালয়ে স্ত্রীকে মারধর, যৌতুক মামলায় সহকারী শিক্ষক গ্রেপ্তার

বিদ্যালয়ে স্ত্রীকে মারধর, যৌতুক মামলায় সহকারী শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের জন্য বিদ্যালয়ে স্ত্রীকে মারধরের ঘটনায় এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সহকারী শিক্ষক এনামুল হক সরকার মানিককে (৪৫) মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এনামুল হক তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। অপরদিকে মামলার বাদী তার স্ত্রী নাসিমা বেগমও একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক সরকার মানিকের সঙ্গে অপর সহকারী শিক্ষক নাসিমা বেগমের (৪১) ২০১৮ সালে বিবাহ হয়। এরপর থেকে এনামুল হক ৫ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এরপর কৌশলে এনামুল হক মামলাটি মিমাংসা করে নেন। পরে ভালোভাবে ঘর সংসার করলেও পুনরায় ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমা বেগমকে নির্যাতন শুরু করেন। সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে নাসিমা বেগম অত্যাচার সহ্য করে আসছিলেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট বিদ্যালয়ে বিরতির সময় এনামুল হক তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। এ সময় নাসিমা যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় চুলের মুঠি ধরে তাকে এলোপাথারী মারধর করেন এবং গলা চেপে ধরে হত্যা চেষ্টা করেন। ঘটনা দেখে অন্যান্য শিক্ষকেরা এগিয়ে এসে নাসিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর নাসিমা বেগম কিছুটা সুস্থ হয়ে ১০ আগস্ট থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই এনামুল হক সরকার মানিককে গ্রেপ্তার করেন।

তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, তারা উভয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। নাসিমাকে নির্যাতন করার অভিযোগে মানিক স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) নার্গিস ফাতিমা তোগদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সোমবার থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে এনামুল হক সরকার মানিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃত মানিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মমিনুল ইসলাম/আরকে