সিরাজগঞ্জের কাজীপুরে বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে তার ফুপা মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের একদিন পরই ১০ বছর বয়সী ওই স্কুলছাত্র শিপন মিয়াকে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কাজীপুর থানা পুলিশ।
স্কুলছাত্র শিপন মিয়া কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। সে ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, গ্রেপ্তার মোতালেব প্রামাণিক শিপনের ফুপা। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।
কাজীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোতালেব প্রামাণিকের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রীকে ফিরে পেতে শিপন মিয়াকে অপহরণের পরিকল্পনা করেন তিনি। এরপর গত ৯ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে শিপন মিয়াকে অপহরণ করে নিয়ে যান মোতালেব।
পরে এ ঘটনায় শিপনের মা বিউটি খাতুন বাদী হয়ে কাজীপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে সোমবার (১০ আগস্ট) রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়াকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সময় মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অপহরণের একদিন পর স্কুলছাত্র শিপন মিয়াকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মো. নাজমুল হাসান/এসএইচএ
