বিজ্ঞাপন

এমপি নাছির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

‘এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না’

‘এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না’

চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে  সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)  আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি শুরুতে একান্তই পারিবারিক ছিল। তবে বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মত শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।

চিঠিতে তিনি আরও বলেন, যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে-জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন। আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।

চিঠিতে চলমান পরিস্থিতি আর না বাড়ানোর আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। 

চিঠির শেষে মোহাম্মদ শিশির মনির নিজেকে নাছির উদ্দিন চৌধুরীর ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার ভাই মঈন উদ্দিন চৌধুরীর পাল্টপাল্টি সমাবেশের পর আদালতে একটি মামলা হয়েছে। গতকাল সোমবার নাছির চৌধুরীর স্ত্রী পারভীন আকতার মামলাটি করেছেন।

মামলায় পারভীন আকতার অভিযোগ করেন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর (৭৫) গলায় রামদা ধরে হুমকি দিয়ে তিন সৎভাই তার বাড়ি ও অন্যান্য সম্পদের দলিলে সই নিয়েছেন। তার স্বামী তখন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ও মানসিকভাবে অবুঝ ছিলেন।

তামিম রায়হান/আরএআর