মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার।
পরবর্তীতে কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনিসহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির জানালার গ্লাস ভাঙচুর করেন। এতে বাসে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ ৫ জন শিক্ষার্থী আহত হন। আহতরা সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সড়ক দুর্ঘটনার জেরে মোটরসাইকেল আরোহী স্থানীয় কাউসারসহ অজ্ঞাত ৩-৪ জন গ্যাস পাইপ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএইচএ
