বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ভবনটি দীর্ঘদিনের পুরোনো। সোমবার বিকেল ৪টার দিকে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি মুঠোফোনে বিস্তারিত জানাতে রাজি হননি।
এর আগে সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে উজিরপুর সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন সপ্তম শ্রেণির কক্ষে ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খুলে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। এতে আমরা সবাই ভয় পেয়ে যাই। পলেস্তারা পড়ার সময় আমরা ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।
স্থানীয় অভিভাবকরা বলেন, পুরোনো ভবনে এভাবে শ্রেণি কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা প্রয়োজন।
উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এ বি এম জাহিদ হোসেন বলেন, ঘটনাটি সোমবারের হলেও প্রধান শিক্ষক মো. শাহ আলম মঙ্গলবার বিকেলে তাকে জানিয়েছেন। ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষকের আগে থেকেই খোঁজ নেওয়া উচিত ছিল।
প্রধান শিক্ষকের বরাত দিয়ে তিনি আরও বলেন, আহত শিক্ষককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফ হোসেন/এসএইচএ
