রাঙামাটির লংগদু উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসমাইল (৩০) ও নাছির (৩২) নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইসমাইল ও নাছির বাইট্টা পাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
স্থানীয়দের ও ভুক্তভোগীর অভিযোগের বরাতে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে দুই যুবক ওই নারীর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নেন। পরে তাকে বাইট্টা পাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় ইসমাইলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখ চেপে ধরে দুই যুবক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. নবী জানান, ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন ইসমাইলের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করেন। এ সময় ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে লংগদু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোস্তফা কামাল রাজু/এসএইচএ
