জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৩ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্ষেতলাল থানা বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম ক্ষেতলাল পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ক্ষেতলাল সরকারি পাইলট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছমাউল হোসনা। তিনি বলেন, সহকারী শিক্ষক আব্দুর রহিম (মঙ্গলবার) ছুটিতে ছিলেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা বাজার এলাকায় পুলিশের একটি টিম অবস্থান নেয়। এ সময় আব্দুর রহিম মাদক সেবন করছিলেন। তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে ডোপটেস্ট করানো হয়েছে এবং আটক করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ শিক্ষক আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।
চম্পক কুমার/ এনটি
