নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের মধ্যেই বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার শঙ্কা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতকালীন পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুল্লাহ। এর আগে গত রোববার (৯ আগস্ট) ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরিত ওই চিঠিতে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন। সেজন্য ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, সাদা পোশাকে অফিসে পুলিশ সদস্য মোতায়েন আছে। আমাদের টহল অভিযান অব্যাহত আছে।
শাহজাহান ইসলাম লেলিন/এনটি
