বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে কঠোর আইন করতে যাচ্ছে সরকার: গণপূর্ত মন্ত্রী

মাদকের বিরুদ্ধে কঠোর আইন করতে যাচ্ছে সরকার: গণপূর্ত মন্ত্রী

বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে কঠোরতম আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবারকেও নিঃস্ব করে, পুরো সমাজকে নষ্ট করে। মাদক অপরাধ-সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ায়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিগগিরই আমাদের সরকার মাদকের বিরুদ্ধে কঠোরতম আইন করতে যাচ্ছে। মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমার একটি সুষ্ঠু অবস্থান রয়েছে। নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব এবং যুদ্ধ চালিয়ে যাব। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও সে কথাই বলছি।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সফলতার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। সমাবেশ শেষে বড় একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়।

কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরিফ আজগর/এনটি

বিজ্ঞাপন