ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার ও সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই নারীকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ওই নারী।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। অসহায় ভবঘুরে এই বৃদ্ধা প্রায়ই হাসপাতালে আসেন খাবারের জন্য। কিছুদিন থেকে আবার চলে যান, আবার আসেন। তিনি চোখে দেখতে পান না।
ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. শাহীন আলম/ এনটি
