বিজ্ঞাপন

পাবনায় দেড় ঘণ্টার আগুনে পুড়ল তেলের পাম্পসহ ৪ প্রতিষ্ঠান

পাবনায় দেড় ঘণ্টার আগুনে পুড়ল তেলের পাম্পসহ ৪ প্রতিষ্ঠান

পাবনার আটঘরিয়ায় একটি মিনি তেলের পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাম্পের দুটি ট্যাংকি, তিনটি দোকান ও সংলগ্ন ভবনের একটি অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ৩১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পারখিদিরপুর কুমারগাড়ী বাজার এলাকায় তোরাব আলীর মালিকানাধীন মিনি তেলপাম্পে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তোরাব আলী তার নিজস্ব ভবনের নিচে একটি দোকানের পাশে ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য মিনি তেলপাম্প স্থাপন করেন। স্থানীয়ভাবে পাম্পটি সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল।

মঙ্গলবার রাতে পাম্পে তেল নামানোর সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন পাম্পের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পের দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান ও ভবনের একটি অংশ পুড়ে যায়। আগুনে পাশের আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দাশুড়িয়া ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়। তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

আটঘরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, তিনটি ইউনিট দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক হিসাবে তিন দোকানসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩১ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

তুহিন মোল্লা/এএমকে