বিজ্ঞাপন

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার, সাড়ে চার মাস পর ছাত্রদল নেতাকে স্বপদে বহাল

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার, সাড়ে চার মাস পর ছাত্রদল নেতাকে স্বপদে বহাল

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত মার্চে ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহন নিয়ে নোমানের সঙ্গে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে।

প্রায় চার মিনিটের ওই ফোনালাপে নোমানকে বলতে শোনা যায়, ইলাশপুর সড়ক দিয়ে সাত দিন মাটি পরিবহনের জন্য টাকা দিতে হবে। টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়ার ইঙ্গিতও পাওয়া যায়। একপর্যায়ে ইফতু প্রশ্ন করেন, ‘আমি কি চাঁদা দিয়ে ব্যবসা করব?’ জবাবে নোমানকে বলতে শোনা যায়, ‘তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই।’

ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরই গত ২৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোমানুল হক নোমানকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। বহিষ্কারের প্রায় সাড়ে চার মাস পর কেন্দ্রীয় সংসদের নতুন সিদ্ধান্তে নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদে পুনর্বহাল করা হলো।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের একটি চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। 

তারেক চৌধুরী/আরকে