বিজ্ঞাপন

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ

আটকে থাকা এক বছরের ইন্টারনেট বিল পেল ২০৭ বিদ্যালয়

আটকে থাকা এক বছরের ইন্টারনেট বিল পেল ২০৭ বিদ্যালয়

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর নীলফামারী সদরের ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৪ লাখ টাকার এক বছরের ইন্টারনেট বিল পরিশোধ করা হয়েছে। আটকে থাকা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিলের টাকা বিদ্যালয়গুলোর হিসাবে দেওয়া হয়েছে। 

বিষয়টি বুধবার (১২ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম। এর আগে ঢাকা পোস্টে ‘২০৭ বিদ্যালয়ে আটকে আছে এক বছরের ইন্টারনেট বিল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরের জন্য উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিল বাবদ বিদ্যালয় প্রতি মাসে এক হাজার টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য গত মে মাসে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ভাউচারসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেন।

বিদ্যালয় প্রতি মাসিক এক হাজার টাকা হিসেবে ১২ মাসের বিলের পরিমাণ দাঁড়ায় ১২ হাজার টাকা। ২০৭টি বিদ্যালয়ের হিসাবে এক বছরে মোট বিলের পরিমাণ প্রায় ২৪ লাখ টাকা। নিয়ম অনুযায়ী বিলের অর্থ বিদ্যালয়ের সংশ্লিষ্ট হিসাবের মাধ্যমে পরিশোধ হওয়ার কথা থাকলেও জুন মাসে সরকারি বরাদ্দ ছাড় হওয়ার পরও এখন পর্যন্ত বিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। এ ঘটনায় ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ করার পরে গতকাল সন্ধ্যায় সব বিদ্যালয়ের ইন্টারনেট বিল পরিশোধ করা হয়েছে। 

নাম প্রকাশ্যে আরেক প্রধান শিক্ষক বলেন, নিউজ হওয়ার পর গতকাল সন্ধ্যায় আমাদের বিল দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সদর উপজেলার বিদ্যালয়ের ইন্টারনেট বিল আটকে ছিল সেগুলো গতকাল সব বিদ্যালয়ে দেওয়া হয়েছে।

শাহজাহান ইসলাম লেলিন/আরকে

বিজ্ঞাপন