কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই বন্ধু রুবেল ও আরমান মোটরসাইকেলে করে গিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। কেরুনতলী ফরেস্ট অফিসের কাছে পৌঁছালে টেকনাফমুখী একটি বালুবাহী ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত আরমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রুবেলের আরেক বন্ধু মামুন বলেন, রুবেল খুবই সহজ-সরল ও মিশুক মানুষ ছিল। বন্ধুর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। সকালে দুজন একসঙ্গে বের হয়েছিল, কিন্তু আর বাড়ি ফিরল না। এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাক জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ইফতিয়াজ নুর নিশান/আরকে
