মানিকগঞ্জে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানাসহ একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
অভিযানে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাসস্ট্যান্ড এলাকার দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারকে ল্যাব টেকনোলোজিস্ট দ্বারা ডাক্তারের স্বাক্ষর নকল করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও মেডিকেল সেন্টারটি সিলগালা করা হয়।
অন্যদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের মাছ বাজারে রঙিন লাইট বিশেষ পর্দা ব্যবহার করে মাছ সতেজ দেখিয়ে প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সরকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, আমরা সকাল থেকে মানিকগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে আমরা যে অনিয়মগুলো পেয়েছি অন্যতম হলো একটি ক্লিনিক এখানে তারা প্যাথলজিতে যে টেস্টগুলো করতো ডাক্তারের অনুপস্থিতিতে নাম ব্যবহার করে সেই ডাক্তারের স্বাক্ষর করতো একজন ল্যাব টেকনোলজিস্ট। এই স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভিন্ন রোগী এবং সেবাগৃহীতাদের তারা মনগড়া রিপোর্ট দিত। এইসব অপরাধের কারণে প্যাথলজি সেন্টারকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করেছি। ভবিষ্যতে যেন এসব ধরনের কার্যক্রম আর পরিচালিত না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এছাড়াও মানিকগঞ্জের পৌর শহরের মাছ বাজারে লাইটের মধ্যে এক ধরনের পর্দা ব্যবহার করছে যেন মাছকে সতেজ দেখায়। এই অপরাধে একজন মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতাল গেট সংলগ্ন একটি ক্যান্টিনে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা খাওয়ানোসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম ও জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ উপস্তিত ছিলেন। জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।
আরএআর
