ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে ইউএনওকে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির পয়েন্টে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনওর সঙ্গে আনসার ও র্যাব সদস্যরা বালু বিক্রির পয়েন্টে যান। এ সময় ইউএনও কাগজপত্র দেখতে চাইলে সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান বাচ্চু অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। একপর্যায়ে ইউএনও তাকে দুটি থাপ্পড় দেন। পরে র্যাবের এক সদস্য সারোয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান তাকে থামানোর চেষ্টা করেন।
ইজারাদার পক্ষের দাবি, পরে সারোয়ারকে র্যাবের গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ জানান, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাঁচ-ছয় মাস আগে তারা বালুমহালটি ইজারা নিয়েছেন। কাগজপত্র দেখাতে সময় চাওয়ার পরই তার কর্মীকে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে ইউএনও ও এসিল্যান্ডকে কয়েক দফা ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আমি ভিডিওটি দেখেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত সুমন/আরএআর
