কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) আওতায় সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) পুলিশ ফোর্স মোতায়েন ও নজরদারী বাড়াতে কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।
ওজোপাডিকো কুষ্টিয়া কার্যালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে সারা দেশের মত বিক্রয় ও বিতরণ-১, ওজোপাডিকো, কুষ্টিয়ার আওতাধীন এলাকায় ব্যাপক হারে লোডশেডিং করতে হচ্ছে। এর ফলে জনমনে অসন্তোষ বিরাজ করছে এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভবনা রয়েছে। সংকটময় এ পরিস্থিতিতে কেপিআইভুক্ত স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনার ওপর নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলি., কুষ্টিয়ার আওতাধীন বিদ্যুতের দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনসহ পুলিশি নজরদারি জোরদার করার প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সংকটময় পরিস্থিতিতে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার স্বার্থে আমাদের দপ্তরসহ বিদ্যুতের বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করার জন্য জেলা পুলিশ বরাবর চিঠি দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বুধবার সকালে আমি চিঠি দেখেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অবগত হয়েছে। বিদ্যুৎ বিভাগের সব স্থাপনায় সব সময় নিরাপত্তার কারণে পুলিশ নজরদারি করে। এছাড়াও পুলিশ ও গোয়েন্দা বিভাগকে বিদ্যুৎ বিভাগের সব স্থাপনায় নজর রাখতে বলা হয়েছে। এসপি স্যার ঢাকাতে ছিলেন বুধবার তিনি ফিরেছেন। সকালে (বৃহস্পতিবার) তিনি অফিসে এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল আলম ইভান/এনটি
