বিজ্ঞাপন

জয়পুরহাটে অবৈধভাবে ভারত থেকে আনা ৭৪ মোবাইলসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটে অবৈধভাবে ভারত থেকে আনা ৭৪ মোবাইলসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটে কাগজপত্রবিহীন ৭৪টি ভারতীয় মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, এসব মোবাইল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলার পাঁচবিবি ও সদর থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, মোসাব্বির হাসান ওরফে মিম্মান (২৪) ও তামিম হোসেন (২৬)। মোসাব্বির পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকার মিজানুর রহমানের ছেলে এবং তামিম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পশ্চিম গন্ধর্বপুর গ্রামের মো. ছানোর ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল পাঁচবিবি পৌর শহরের ‘ইউনিক ব্রাদার্স গেজেট’ নামক মোবাইল দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১৮টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধারসহ দোকান মালিক মোসাব্বির হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরে মোসাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট শহরের পাঁচুড়মোড় এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গেজেট জোন’ নামক আরেকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫৬টি কাগজপত্রবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং অপর এক দোকান মালিক তামিমকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে ভারতীয় মোবাইল এনে ব্যবসা চালিয়ে আসছিলেন তারা দুইজন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

চম্পক কুমার/ এনটি

বিজ্ঞাপন