বিজ্ঞাপন

সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ শিকারে সতর্কবার্তা

সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ শিকারে সতর্কবার্তা

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৈরী আবহাওয়ায় বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে যে কোনো দুর্ঘটনা এড়াতে মাছ শিকারের ট্রলারসহ সকল প্রকার নৌযানকে সমুদ্রে না যেতে সতর্কবার্তা দিয়েছে কোস্টগার্ড। 

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে পাথরঘাটা কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান সকল প্রকার সমুদ্রগামী নৌযানকে এ সতর্কবার্তা দেন। 

সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলে, ট্রলার ও অন্য নৌযান মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান সতর্কবার্তায় বলেন, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। এছাড়াও সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী রয়েছে। এ অবস্থায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে পাঠাবেন না।

সতর্কবার্তায় তিনি আরও বলেন, বর্তমানে সমুদ্রে যে পরিস্থিতি রয়েছে তাতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করাও অত্যন্ত কঠিন হয়ে যায়। উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। ফলে সকলকে এই সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবহাওয়ার এ সতর্কবার্তাটি পৌঁছে দেওয়ারও অনুরোধ জানান তিনি।

মো. আব্দুল আলীম/এনটি 

বিজ্ঞাপন