বিজ্ঞাপন

মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট জেলার সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুজন মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বিক্রেতাদের আটক করার জন্য চেষ্টা করে পুলিশ।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয় এবং জিয়ন পালিয়ে যান। পরে আতাউরের কাছে থাকা একটি হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, মাদকের বিরুদ্ধে এমন রায় সন্তোষজনক এবং এ রায়ে দৃষ্টান্ত স্থাপন করবে।

মুরাদ মুর্শিদ/এনটি

বিজ্ঞাপন