ফেনীতে গ্যাস নিতে মহাসড়কের পাশে অপেক্ষমাণ গাড়ির সারিতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি মাইক্রোবাসের চালক আহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ মিনিবাস, তিনটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালের দিকে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুয়েল দাস। তিনি নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা। জুয়েল মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্যাসের তীব্র সংকটের কারণে বুধবার বিকেল থেকেই ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। মহাসড়কের দুই পাশেই গাড়িগুলো অপেক্ষা করছিল। বৃহস্পতিবার সকালেও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ সারিতে গাড়ি দাঁড়িয়ে ছিল। এতে মহাসড়কে স্বাভাবিক যানচলাচলও ব্যাহত হচ্ছিল।
সকাল ৯টার দিকে কারখানায় যাওয়ার জন্য জুয়েল দাস মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনে চলাচলকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ একটি মিনিবাসে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসটি সামনে থাকা পরপর তিনটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। এতে একটি মাইক্রোবাসের চালক আহত হন।
এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা বিভিন্ন পরিবহন চালকরা ট্রাকচালককে মারধর করেন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালক ওমর বলেন, রাত থেকেই আমরা গ্যাস নেওয়ার জন্য অপেক্ষায় আছি। একদিকে মহাসড়কে দ্রুতগতির যানচলাচল করছে, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এখানে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। গ্যাসের কারণে গাড়িও চালাতে পারছি না। এ সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। সেখানে ওই ট্রাকের ধাক্কায় আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তারেক চৌধুরী/আরকে
