বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার ভাই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম ও জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল মজিদ মারা গেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বলেন, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট তরিকুল ইসলামকে মারধর করে হত্যা করা হয়। তিনি সাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে দীর্ঘ সময় ধরে মামলার সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ করা হয়। শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১০ আসামিকে খালাস দেন।

নাজমুল হাসান/আরএআর