ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি (২৫) নামে এক কম্পিউটার দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসসংলগ্ন আকাশ কম্পিউটার নামে দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোডের মোড়ল বাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি আকাশ কম্পিউটারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে দোকানে যাওয়ার পর রাব্বির ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রাব্বিকে স্থানীয় লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে দেলোয়ার হোসেন দিলু, ফজলুল হক, আবদুল খালেক, সাব্বির আহমেদ, হাবিব, লিটন, হীরা ও আতিক এই আটজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে দেলোয়ার হোসেন দিলু ময়মনসিংহ মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি মারামারির ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন। গতকাল বুধবার এ বিরোধ মীমাংসার জন্য একটি দরবার হয়। ওই দরবারে দেলোয়ার হোসেন দিলু নেতৃত্ব দেন। সেখানে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর পরদিনই রাব্বির ওপর হামলার ঘটনা ঘটে।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনিনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাখাওয়াত সুমন/আরএআর
