বিজ্ঞাপন

ব্যবহারিক পরীক্ষায় ছাত্রীদের হয়রানির অভিযোগ, ল্যাব সহকারীকে বদলি

ব্যবহারিক পরীক্ষায় ছাত্রীদের হয়রানির অভিযোগ, ল্যাব সহকারীকে বদলি

সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ল্যাব সহকারী মো. শুকুর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ২১ জন শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর ওই কর্মচারীকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলছিল। মাওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার পর রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলী ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগষ্ট) মাওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থী মিলে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ এনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, ওই অ্যাসিস্ট্যান্ট আমাদের হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে, সবার শরীরেই টাচ করেছে। স্যার থাকাকালেও টাচ করেছে। তিনি চলে যাওয়ার পরেও চেষ্টা করেছিল। আমরা সরে সরে গেছি। তিনি আমাদের থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নিয়েছেন। তাকে শুধু বদলি করলেই চলবে না। সবার সামনে ক্ষমা চাইতে হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহীদল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি জানার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাকে সরকারিভাবে বদলি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু তো আমরা পারি না।

মো. নাজমুল হাসান/এসএইচএ