ফরিদপুরের মধুখালিতে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস(৫৮) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
হাকিম বিশ্বাস ফরিদপুরের মধুখালি উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও ধর্ষণচেষ্টার শিকার শিশুটির প্রতিবেশী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে নিজের অসুস্থ শ্বশুর-শাশুড়ির কাছে নিজের ছয় বছর বয়সী মেয়েকে রেখে ব্যক্তিগত কাজে মধুখালি বাজারে যান শিশুটির মা। পরে বিকেল চারটার দিকে বাড়িতে এসে জানতে পারেন প্রতিবেশী হাকিম তার মেয়েকে যৌন হেনস্থা করেছে।
এ ঘটনায় পরদিন ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে হাকিমকে একমাত্র আসামি করে মধুখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন মধুখালি থানার উপপরিদর্শক(এসআই) পলাশ কুমার দাস। তিনি ২০১৯ সালের পহেলা মে এ ঘটনাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।
জহির হোসেন/এসএইচএ
