মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে অনিয়মের দায়ে ২টি প্রতিষ্ঠান সিলগালা ও ৩টি প্যাথলজির কার্যক্রম বন্ধ করেছে জেলা সিভিল সার্জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
জানা যায়, অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র, স্বাস্থ্যসেবা কার্যক্রম ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করে অনিয়ম পাওয়ায় সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এছাড়া, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও যাচাই বাছাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, মানিকগঞ্জের জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।
এসএইচএ
