বিজ্ঞাপন

রাজশাহীতে মারধরে রিকশাচালকের মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে মারধরে রিকশাচালকের মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে মারধরে পলাশ (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরআগে, বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা।

 এ ঘটনায় পলাশের স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ অসুস্থতা বোধ করা রক্তচাপ মাপার জন্য রাতে মালোপাড়ার একটি ওষুধের দোকানে যান। পলাশের রিকশা সড়কে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এনিয়ে কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়। তখন পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

আর স্থানীয়রা অসুস্থ রিকশাচালক পলাশকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রামেক হাসপাতালের মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা করছে।

শাহিনুল আশিক/এসএইচএ