বিজ্ঞাপন

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন

বিমান বাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা  যান। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) সকালে বারিধারায় ডিএইচওতে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে  বাদ জুমা বিমান বাহিনীর সেন্ট্রাল জামে মসজিদে জানাজা নামাজ শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি তার ভাইয়ের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চান।

মুহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমান বাহিনীর সারগোদা কলেজে শিক্ষাগ্রহণের পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তার কোর্সমেট ফখরুল আজম বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আনোয়ারুল হক/আরএআর