বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। বাগেরহাটে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে বিক্রি হওয়া মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর। এতে মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।
গত মঙ্গলবার (১১ আগস্ট) মাছটি বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের জালে ধরা পড়ে।
ট্রলার মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে ইলিশ ধরা পড়ছিল না। বাড়ি ফেরার আগে শেষবার সাগরে জাল ফেললে রাতে জাল তোলার সময় ধাতিনা ভোল মাছটি ধরা পড়ে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি আনন্দিত।
ক্রেতা হারুন মীর বলেন, ধাতিনা ভোল মাছের মণ প্রায় ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজির মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন। মাছটি বরফ দিয়ে বড় মোকামে নিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। এতে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে বলে আশা করছেন তিনি।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ছোট জাল সাগরে নিয়ে যাওয়ার কারণে এই মাছ ছোট থাকতেই ধরা পড়ে। অনেক দিন পর ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়েছে। এটি প্রায় সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, বিরল মাছটি বিশাল দামে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে মাঝেমধ্যেই এমন দু-একটি বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা এক রাতেই তাদের ভাগ্য বদলে দেয়।
শেখ শামীম হাসান/এমএমবি
