ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দিনভর নিজের কার্যালয়ে যাননি তিনি। গতকাল বুধবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের একটি হাসপাতালে এ ঘটনা নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী বুধবারের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এখন এ বিষয়ে আর কোনো সমস্যা নেই।
মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, আইনসঙ্গত কার্যক্রম চলার সময় হঠাৎ এ ধরনের ঘটনা ঘটেছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করি।
এর আগে বুধবার ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ইউএনওর বিরুদ্ধে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সাখাওয়াত সুমন/আরএআর
