বিজ্ঞাপন

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণচেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণচেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিআইডির পরিচয় দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি ইউনিফর্ম, তিনটি ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আটকরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার শহীদুল ইসলাম শুভ চৌধুরী (৩২), চররুহিতা এলাকার রুবেল হোসেন (২৯), রাজশাহীর জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর নাদির (২৯) ও ঢাকার শরীফ মিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে পারিবারিকভাবে ওই তরুণীর সঙ্গে শুভ চৌধুরীর বিয়ে হয়। পরে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে শুভ তার সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে সিআইডির ইউনিফর্ম পরে ও হাতে ওয়াকিটকি নিয়ে কয়েকজন ব্যক্তি মাইজদীর বসুন্ধরা কলোনিতে ওই তরুণীর বাসায় যান। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কথা বলে দরজা খুলতে বলেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা ওই তরুণীর বাবা আতাউর রহমানকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন। পরে শুভ তার সাবেক স্ত্রীর কক্ষে গিয়ে জোরপূর্বক তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাসার মূল ফটক বাইরে থেকে বন্ধ করে দেন ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করে।

গৃহকর্তা আতাউর রহমান জানান, বুধবার রাতে আসামিরা সিআইডি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে জ্যাকেট ও ওয়াকিটকিসহ জোর করে বাসায় ঢোকে। একপর্যায়ে তারা মালিহাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের আটকে রাখে। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর বাবা আতাউর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচএ