বিজ্ঞাপন

যানজট দেখলেই ছুটে যায় মোটরসাইকেল টিম, ৭ মাসে রাজস্ব ১ কোটি ৮০ লাখ

যানজট দেখলেই ছুটে যায় মোটরসাইকেল টিম, ৭ মাসে রাজস্ব ১ কোটি ৮০ লাখ

সারি সারি মোটরসাইকেল। একই পোশাকে একসঙ্গে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কেউ মোটরসাইকেলের পাশে, কেউ আবার প্রস্তুতি নিচ্ছেন সড়কে নামার। নির্দিষ্ট কোনো একটি এলাকায় নয়, সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছে ট্রাফিক পুলিশের একাধিক টিম।

জেলা ট্রাফিক পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ ৩ হাজার ২১টি মামলা করেছে। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। এই রাজস্ব আদায় তাদের জন্য অনন্য এক রেকর্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রায় ২৬ জনের একটি মোটরসাইকেল টিম একই পোশাকে মোটরসাইকেলে সারি করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরই তাদের রেলগেট থেকে চান্দ আলী মোড় পর্যন্ত সড়কে থাকা যত্রতত্র নিয়ম না মানা ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দায়িত্ব নিয়ে বের হওয়ার কথা।

জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কোনো নির্দিষ্ট এলাকায় যানজট বা সড়কে বিশৃঙ্খলা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম পাঠানো হয়। এসব টিম মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন, সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।

এ ছাড়া নিয়মিত ট্রাফিক আইন বাস্তবায়নেও অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করার পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গেছে, পুরো জেলায় বর্তমানে ট্রাফিক পুলিশের মোট সদস্য ৭১ জন। এর মধ্যে জেলা সদরে দায়িত্ব পালন করছেন ৪৮ জন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় সদস্যদের নিয়ে আলাদা টিম গঠন করে দায়িত্ব দেওয়া হয়।

জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গ্রীষ্মকালে তীব্র গরম। যেখানে সড়কে ১ ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন না, সেখানে আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে সবসময় কাজ করি।

তিনি বলেন, সড়কে যানজট বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে বিভিন্ন টিম কাজ করছে। নির্দিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতেও প্রয়োজন অনুযায়ী সদস্যদের মোতায়েন করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ঢাকা পোস্টকে বলেন, পুলিশ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে পেট্রোল টিম। এরা তাৎক্ষণিকভাবে যেকোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিমগুলো নিয়মিত কাজ করছে। জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ চলমান রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় আমাদের দায়িত্ব।

মো. নাজমুল হাসান/এসএইচএ

বিজ্ঞাপন