বিজ্ঞাপন

‎কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতি, তৎপর বন বিভাগ

‎কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতি, তৎপর বন বিভাগ

‎‎কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তী সড়কের আগরবাগান এলাকায় বন্যহাতির একটি দল অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মকর্তা ও ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্যরা হাতিগুলোকে সড়ক থেকে সরিয়ে দেন। পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আগরবাগান এলাকায় সড়কের ওপর ও আশপাশে বন্যহাতির দলটিকে দেখতে পান সড়কে চলাচলকারী কয়েকজন চালক ও যাত্রী। প্রায় রাত ৮টা পর্যন্ত হাতিগুলো ওই এলাকায় অবস্থান করায় সড়ক দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

‎বিষয়টি জানানো হলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতিগুলোকে সড়ক থেকে সরিয়ে বনের দিকে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে হাতির দলটি সড়কের এক পাশ দিয়ে বনের দিকে চলে যায়।

‎তবে কিছুক্ষণ পর কাপ্তাই প্রবেশপথের দিকে আবারও একটি বন্যহাতি সড়কের ওপর অবস্থান নেয়। এতে পরিস্থিতি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন।

‎পরিস্থিতি বিবেচনায় বন বিভাগের কর্মকর্তা, বনকর্মী ও ইআরটি সদস্যরা ওই অংশে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে থাকা যানবাহনগুলোকে নিরাপদ দূরত্বে রাখা হয়। পরে হাতিটি সড়ক ছেড়ে বনের দিকে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

‎প্রতক্ষ্যদর্শী লোকমান আহমেদ বলেন, রাঙামাটি থেকে কাপ্তাই আসার পথে হঠাৎ সড়কের ওপর হাতি দেখতে পাই। সন্ধ্যার পর এ সড়কে বন্যহাতির চলাচল থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত না করাই ভালো। সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করছি।

‎কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির চলাচল বেড়ে যেতে পারে। এ কারণে এ সময় সড়কটি দিয়ে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের যানবাহন নিয়ে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

‎পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম সাজ্জাদ হোসেন বলেন, বন্যহাতির উপস্থিতির কারণে সন্ধ্যার পর ওই সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল না করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

‎মোস্তফা কামাল রাজু/এনটি

বিজ্ঞাপন