রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। একই পরিবারের দুইজনের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। নিহত শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে। আর নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে ব্যাটারিচালিত ভ্যান চার্জের ব্যবস্থা ছিল। সেখানে চার্জ দেওয়া হচ্ছিল ভ্যানে। সেই বৈদ্যুতিক তার ও কাপড় শোকানো দড়ি পাশাপশি টাঙ্গানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহিনুল আশিক/এসএইচএ
