বিজ্ঞাপন

মাকে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক, বাবা পলাতক

মাকে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক, বাবা পলাতক

রাজবাড়ীর পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তারা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী জাবেদ বিশ্বাস পলাতক রয়েছেন এবং ছেলে রাজু বিশ্বাসকে (২৮) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা খাতুন ওই এলাকার জাবেদ বিশ্বাসের স্ত্রী এবং ওই ‍যুবকের মা। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সুবর্ণখোলা এলাকা থেকে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, রাজু ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। একপর্যায়ে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছেলের চিকিৎসার জন্য তারা খাতুন মোটরসাইকেলে করে কুষ্টিয়ার বনগ্রাম এলাকার উদ্দেশে রওনা হন। তবে পরে রাজু তার মাকে সঙ্গে না নিয়ে খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সকালে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা খাতুনের সঙ্গে তার স্বামী জাবেদ বিশ্বাসের সম্পর্ক ভালো ছিল না। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, রাজু মাদকাসক্ত ছিলেন। মোটরসাইকেল থেকে পড়ে তারা খাতুনের মৃত্যু হয়ে থাকলেও রাজু বিষয়টি কাউকে জানাননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা তদন্ত করছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, নাদুরিয়া ঘাট এলাকা থেকে তারা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যার কারণে মৃত্যু, নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকলেও ছেলের উচিত ছিল বিষয়টি কাউকে জানানো। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ