রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- খেদারমারা এলাকার অনুশকা চাকমা (৫) ও সাজেক এলাকার কান্দারা চাকমা (১২)। তারা দুজনই স্কুলশিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
অন্যদিকে, একই দিনে পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে তলিয়ে যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলাশয়, ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
দুর্ঘটনার খবর পেয়ে ইউএনও আমেনা মারজান নিহত দুই শিক্ষার্থীর পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোস্তফা কামাল রাজু/এসএইচএ
