বিজ্ঞাপন

বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না : শামা ওবায়েদ

বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না : শামা ওবায়েদ

বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনও ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, অর্জিত এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাজার এলাকায় সড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা গত ১৭ বছর অনেক আন্দোলনের পরে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনও ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না।

গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নতমানের মাদরাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নতমানের শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে।

এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য।

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান।

আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন প্রমুখ।

এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ‘-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জহির হোসেন/এসএইচএ