সুনামগঞ্জে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন শহর ও শহরতলীর সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রাহকদের জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিডিবির সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। কাজটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
পিডিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় সংস্থাটির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক ২৬ হাজার ২৮৩ জন এবং বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন। এ ছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের ২৬২ জন, মসজিদ, মন্দির, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনাবাসিক গ্রাহক ২৯৭টি এবং কৃষিসহ অন্যান্য শ্রেণির গ্রাহক রয়েছেন।
পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ ঢাকা পোস্টকে বলেন, সাবস্টেশনের ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামতের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। এ জন্য পিডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কাজ শেষ হলে বিকেল ৪টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তামিম রায়হান/এমএমবি
