বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ওরসে এসে নৌকা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ওরসে এসে নৌকা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ পীর কল্লা শহীদ (রহ.) মাজারে ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাজেল বিবি প্রায় ৭০-৮০ জনের সঙ্গে নৌকাযোগে বাহুবল থেকে খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর মাজারে ওরসে অংশ নিতে আসেন। নৌকাটি মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের কাছে পাকা ঘাটে ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আরেকটি নৌকা তুলনামূলক জোরে পাকা ঘাটে ধাক্কা দিলে তিনি ছিটকে ঘাটে পড়ে যান।

পরে নৌকাটির সামনের অংশ পুনরায় ঘাটে ধাক্কা দিলে তাজেল বিবি নৌকা ও ঘাটের মাঝে পড়ে মাথা ও মুখে গুরুতর আঘাত পান। আশপাশে বিপুলসংখ্যক মানুষের ভিড় থাকায় দ্রুত তাকে উদ্ধার করে সঙ্গে থাকা স্বজনরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাজেল বিবিকে মৃত ঘোষণা করেন।

মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ওরসে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নৌকা থেকে পড়ে আহত হন ওই নারী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মো. জুয়েল রহমান/ এনটি 

বিজ্ঞাপন