নওগাঁর কিছু যুবকের সমন্বিত উদ্যোগে সহয়তা পেয়েছে ২০ টি পরিবার। যাদের প্রত্যেককে ১০ টাকার বিনিময়ে ১টি করে ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি মাত্র ১ টার বিনিময়ে দুপুরের খাবার দেওয়া হয়েছে সাড়ে চারশো মানুষকে।
শুক্রবার ( ১৪ আগস্ট) বিকেলে স্থানীয় 'ফ্রেন্ডস প্যানেল নওগাঁ' নামের একটি মানবিক সেবামূলক ক্লাবের উদ্যোগে ব্যাতিক্রমী এসব সহায়তা দেওয়া হয়।
শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
আয়োজকরা জানান, ২০১৬ সালে ১০ জন যুবকের সমন্বয়ে গঠিত হয় এই ক্লাব। যেখানে এখন সদস্য সংখ্যা ৬৩ জন। উদ্দেশ্য ছিল সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা। শুরু থেকেই প্রতি সপ্তাহের শুক্রবার শহরের বিভিন্ন স্থানে প্রায় দুইশো মানুষের মাঝে ১ টাকায় ১ বেলা ভরপেট খাবার দিয়ে আসছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় আজ এই ক্লাবের ২০০ তম সপ্তাহ উপলক্ষে ২০টি পরিবারের মাঝে ছাগল এবং সাড়ে চারশো মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরিবারগুলো ছাগল পালন করে সাবলম্বী হবে বলে আশা আয়োজকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, যখন যুবকরা মাদক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্ট সময় পার করছে ঠিক এই সময় এমন আয়োজন অনন্য দৃষ্টান্ত। তাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই। আগামীতে সংগঠনটির ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে ক্লাবটির সদস্য ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম শামীম/এনটি
