ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি দুইতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল শেখ (৩২) নামে আরও এক নির্মাণশ্রমিক।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদরপুর সদর ইউনিয়নের কালিখোলা মোড়ের পাশে ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সদরপুরের ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের দুইতলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ চলছে কালিখোলা বাজারে। ভবনটির নিচতলার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় তলার পিলার ঢালাইয়ের কাজ চলছে। এজন্য নিচতলা থেকে বাঁধা রড রশিতে ঝুলিয়ে উপরে তোলা হচ্ছে।
সদরপুর সদর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ মোল্লা বলেন, শুক্রবার সকালে ভবনের ছাদে পিলারের রড তোলার সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুত সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখ আহত হন।
পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মামুন শাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশের সুরতহাল প্রস্তুত করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/ এনটি
