মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদরাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন ছাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাদরাসায় আসছিল শিক্ষার্থীরা। এ সময় মাদরাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে টেনিস বল সদৃশ বস্তু নিয়ে খেলার সময় বল আদলে তৈরি হাতবোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) নামে ৪ জন মাদরাসা ছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিদা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাদারীপুর জেলা পুলিশের একাধিক টিম। বিস্ফোরণের ঘটনায় কীভাবে এবং কোথা থেকে হাতবোমাটি সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গতকাল থেকে টেনিস বল সদৃশ একটি বস্তু পেয়ে ঘরের সিঁড়িতে রেখে দেয় মাদরাসার পাশের বাড়ির মালিক। সকালে মাদরাসার ছাত্রীরা ওই সিড়িতে বসে টিফিন খাওয়ার সময় ওই বস্তুটি নিয়ে খেলা করে। এ সময় বিস্ফোরণ ঘটে। এতে চারজন মাদরাসা ছাত্রী আহত হয়েছে। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আরএআর
